গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান
- আপডেট সময় : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাঁঠাল চাঁদপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উজিরপুর ডাকঘর এলাকার মন্দিরটি পরিদর্শন করেন তিনি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত মন্দিরটির অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা ও দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন ইউএনও।
পরিদর্শনকালে জিল্লুর রহমান মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এলাকায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে।
এ সময় মন্দির পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















