নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছু/রিকাঘা/ত
- আপডেট সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছু/রিকাঘা/ত
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মো. সৈয়দ ইসলাম (৫০) নামে এক মসজিদের মোয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত সৈয়দ ইসলাম ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে সৈয়দ ইসলাম মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন। আজান চলাকালে হঠাৎ তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহ করে মসজিদের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তাকে মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পান। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রথমিক চিকাৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, আহত মোয়াজ্জিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাটি নিয়ে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে। পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।























