নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
বিকেলে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির নেতা ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
বক্তারা আরও বলেন, অতীতেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে সাধারণ মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতেও কেন্দ্র থেকে যে কর্মসূচি দেওয়া হবে, নাটোরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা পালন করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ রাখার সরকারি প্রজ্ঞাপন রয়েছে।























