পবায় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ৩ হাজার বীজ বপন
- আপডেট সময় : ১১:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

পবায় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ৩ হাজার বীজ বপন
এম এম মামুনঃ
রাজশাহীর পবায় বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় তাল ও দেবদারু বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বড়গাছী ইউনিয়নের বড়গাছী গ্রামের বিভিন্ন রাস্তার পাশে ও খোলা জায়গায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। স্থানীয় যুবকদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বড়গাছী কৃষক ঐক্য সংগঠন, বড়গাছী নারী উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বারসিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ক্যাম্পেইনে মোট ১ হাজার তাল বীজ ও ২ হাজার দেবদারু বীজ বপন করা হয়।
আয়োজকরা জানান, তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এ গাছ মাটির ক্ষয় রোধে ভূমিকা রাখে, পরিবেশ শীতল রাখতে সহায়তা করে এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। পাশাপাশি তাল থেকে খাদ্য ও নানা উপকরণ পাওয়া যায়। তাই তালগাছের সংখ্যা বাড়ানো পরিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হতে পারে।
ক্যাম্পেইনে গ্রীন কোয়ালিশন ও বারসিকের প্রতিনিধিসহ স্থানীয় জনগণ, কৃষক, যুবসমাজ ও পরিবেশপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পবা উপজেলার গ্রীন কোয়ালিশনের সভাপতি মোসা. রহিমা বেগম বলেন, তালগাছ আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আগের তুলনায় অনেক জায়গায় তালগাছ কমে যাচ্ছে। নতুন করে তাল বীজ রোপণ করা হলে ভবিষ্যতে অনেক তালগাছ গড়ে উঠবে এবং পরিবেশ আরও সবুজ ও সুন্দর হবে।
বড়গাছী কৃষক ঐক্য সংগঠনের সভাপতি মো. আব্দুল জাব্বার বলেন, তাল বীজ রোপণ শুধু গাছ লাগানোর কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ তৈরির উদ্যোগ। রাস্তার পাশে ও অনাবাদি জায়গায় পরিকল্পিতভাবে তাল বীজ রোপণ করলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতে মানুষ তালগাছ থেকেও উপকার পাবে।
কৃষক মো. রাইহান আলী জুয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বীজ বপনের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে মানুষকে সচেতন করা হচ্ছে। শুধু বীজ বপন করলেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি বীজকে বড় গাছে পরিণত করার দায়িত্বও নিতে হবে।
বারসিকের প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বারসিক বরেন্দ্র অঞ্চলে ১০ লাখ বীজ ও চারা রোপণের কর্মসূচি পরিচালনা করছে। এর অংশ হিসেবে বড়গাছীতে ১ হাজার তাল বীজ ও ২ হাজার দেবদারু বীজ বপন করা হয়েছে।
তিনি আরও বলেন, তাল বীজ বপনের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে তালগাছের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।




















