রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০
- আপডেট সময় : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০
এম এম মামুনঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত পাঁচ দিনে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০৭ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওই দিন ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। একই দিনে ডেঙ্গু আক্রান্ত মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এর আগে ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ২১ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যে তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
২০ সেপ্টেম্বর আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এদিন ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। একই দিনে ১৬ বছর বয়সী সাথী রাণীর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। ১৯ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন ভোর ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্য অনুযায়ী, তার মৃত্যুর কারণও ডেঙ্গু শক সিন্ড্রোম।
২১ সেপ্টেম্বর নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। ওই দিন ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। দিন শেষে হাসপাতালে ১০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।
২২ সেপ্টেম্বর আরও ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এদিন ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। একই দিনে আব্দুল করিম (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গার বটতলা এলাকায়। পেশায় তিনি কৃষক ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল করিম ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। ২২ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যে তার মৃত্যুর কারণ হিসেবে সন্দেহভাজন ডেঙ্গু মায়োকার্ডাইটিস থেকে সৃষ্ট হৃদ্যন্ত্রের অনিয়মিত স্পন্দনের কারণে আকস্মিক হৃদ্যন্ত্রজনিত মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের ব্যবধানে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু এবং ১৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১০৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।























