গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ
- আপডেট সময় : ০২:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত রামদাস বিলের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় তালগাছের চারা রোপণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রামদাস বিল এলাকায় আনুষ্ঠানিকভাবে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রহনপুর, রাধানগর ও আলিনগর ইউনিয়নের সীমানাজুড়ে বিস্তৃত রামদাস বিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি দর্শনীয় স্থান। স্থানীয়ভাবে এটি ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য আরও বাড়াতে এবং পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে ১ হাজার ৫০০টি তালগাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্বোধনকালে ইউএনও জিল্লুর রহমান বলেন, গোমস্তাপুরের ‘মিনি কক্সবাজার’ খ্যাত রামদাস বিলকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণের এ উদ্যোগ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক মাসুমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























