লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ
- আপডেট সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মা নদীতীরবর্তী কয়েকটি এলাকায় প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পানিবন্দি ৪০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং পরিবারপ্রতি এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ শেষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, গত কয়েকদিনের পদ্মার পানিতে বিলমাড়িয়া ইউনিয়নের বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিষয়টি জানার পর তিনি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে ডিও পাঠান। পরে প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ৪০০ পরিবারের জন্য পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল, প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের খোঁজখবর নিয়ে এসব ত্রাণসামগ্রী তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমরা পানিবন্দি মানুষদের কোনো দয়া করছি না, এটা তাঁদের অধিকার। বন্যার পানিতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পানি কমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার তাঁদের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিষ্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



















