রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা
- আপডেট সময় : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা
এম এম মামুনঃ
রাজশাহীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত অভিযানে ফিউচার মিনারেল ওয়াটার নামের প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে ১৯ লিটার জারের প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিতে পানি উৎপাদনের পরিবেশও অস্বাস্থ্যকর ও অনুপযোগী বলে পাওয়া যায়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।























