গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি এবং ২২টি গৃহের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া স্বাবলম্বী করার লক্ষ্যে ৭৩টি সেলাই মেশিন এবং এডিপির অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দিয়ার মানিকচর প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিতরণ অনুষ্ঠান শেষে দুপুর ২টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসককে স্বাগত জানান।
পরে দুপুর আড়াইটায় গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, ভারপ্রাপ্ত পৌর সচিব সারওয়ার জাহান মুকুলসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতা ও বৃত্তি দিচ্ছে। এখন শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত করতে হবে।


















