জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা
- আপডেট সময় : ১২:৪১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা
মোহাম্মদ মাসুদঃ
জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও যুব নেতৃত্বে কাজ করা বাংলাদেশের তরুণ আফরা নাওয়ার রহমান পূর্ণ স্কলারশিপে ইতালির ইউনিভার্সিটি অব ত্রেন্তোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা নিতে গত ৫ সেপ্টেম্বর পূর্ণ স্কলারশিপ নিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করেন তিনি।
আফরা নাওয়ার রহমান ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর ইয়ুথ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। তাঁর উচ্চশিক্ষার নতুন যাত্রা উপলক্ষে ইপসার প্রধান কার্যালয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আফরা নাওয়ার রহমান ইতালির ইউনিভার্সিটি অব ত্রেন্তোতে তাঁর নির্বাচিত শিক্ষাক্রম, Erasmus+ ICM এবং উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি অর্থনীতি, পরিবেশ ও টেকসই উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে সেই জ্ঞান বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ু ন্যায়বিচারের কাজে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে একজন তরুণের এগিয়ে যাওয়ার পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের সম্মিলিত অবদান থাকে। আফরার বেড়ে ওঠা ও কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা উচ্চশিক্ষার মাধ্যমে আরও বিস্তৃত হবে। ভবিষ্যতে তিনি দেশের উন্নয়ন ও জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আফরার এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, ইপসার জন্যও গর্বের বিষয়। পরিবেশবিজ্ঞানে একাডেমিক শিক্ষা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক জলবায়ু প্ল্যাটফর্মে কাজের সঙ্গে অর্থনীতিতে উচ্চশিক্ষা যুক্ত হওয়ায় তাঁর জ্ঞান ও দক্ষতার পরিধি আরও বাড়বে।
সভায় ইপসার পরিচালক (সোশ্যাল ডেভেলপমেন্ট) নাছিম বানু, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপপরিচালক (ফাইন্যান্স) রোকসানা বেগম, সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন, ম্যানেজার প্রদীপ আচার্য, ড. মোরশেদ হাসান মোল্লা, প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম এবং এস এম শাহরিয়ায় আলম বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপসার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা সপ্রতীভ দাশ পিনন।
আফরা নাওয়ার রহমান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে পরিবেশবিজ্ঞান বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট গভর্নমেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ইউএন মিলেনিয়াম ফেলোশিপের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ইপসার Centre for Youth and Development (CYD)-এর Youth Coordinator হিসেবে আফরা স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন, Loss and Damage, জলবায়ু ন্যায়বিচার, যুব নেতৃত্ব ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
আন্তর্জাতিক পর্যায়েও জলবায়ু ও যুব নেতৃত্বে কাজের অভিজ্ঞতা রয়েছে আফরার। ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত Global Youth Climate Summit-এ বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করেন তিনি। একই বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত COP30-এর একটি উচ্চপর্যায়ের পার্শ্ব অনুষ্ঠানে ‘Global South’-এর দৃষ্টিকোণ থেকে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সমাধান নিয়ে আলোচনায় অংশ নেন।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও যুব সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেছেন আফরা নাওয়ার রহমান। উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন ও জলবায়ু ন্যায়বিচারের কাজে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।























