গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ১২:০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলী, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সারোয়ার জাহান মুকুল, ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম ও খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী। এছাড়া স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনকালে ইউএনও ইসরাত জাহান বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
তিনি বলেন, বাড়ির আঙিনা, ছাদ কিংবা ফুলের টবে যেন পানি জমে এডিস মশার লার্ভা তৈরি হতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। একটি সুস্থ ও ডেঙ্গুমুক্ত গোদাগাড়ী গড়তে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




















