বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে

বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন
ঢাকা অফিসঃ
রাজধানীর বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জন্য নির্ধারিত জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন সোসাইটির বাড়ি ও প্লট মালিকরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বনশ্রীর ডি-ই অ্যাভিনিউ রোডে বনশ্রী সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক বাড়ি ও প্লট মালিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, বনশ্রী সোসাইটি প্রতিষ্ঠার পর ইস্টার্ন হাউজিং প্লট বিক্রির সময় বিভিন্ন কমন ফ্যাসিলিটিজ সোসাইটিকে তথা বনশ্রীর বাসিন্দাদের দেওয়ার কথা জানিয়ে একটি পত্র দিয়েছিল। লে-আউট প্ল্যানেও হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের জন্য জায়গা নির্ধারিত রয়েছে বলে তারা জানান।
বক্তারা বলেন, নির্ধারিত জায়গাটি দীর্ঘদিন খালি ছিল। বনশ্রীর বাসিন্দাদের সন্তানরা সেখানে ফুটবল খেলত। এ কারণে অনেকে জায়গাটিকে খেলার মাঠ মনে করলেও তাদের দাবি, এটি মূলত হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের জন্য নির্ধারিত জায়গা।
তাদের অভিযোগ, সাবেক এক মন্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে লাঠিয়াল বাহিনীর মাধ্যমে জায়গাটি দখল করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন এবং জায়গাটির দখল ও স্বত্ব ফিরে পেতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বক্তারা আরও বলেন, কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি তাদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। তবে কোনো ধরনের সংঘাতে না গিয়ে তারা আইনগতভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান। হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের জন্য নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও সেটি কীভাবে বিক্রির অনুমতি পেল এবং সেখানে কীভাবে স্থাপনার নকশা অনুমোদিত হলো—এসব প্রশ্নের জবাব চান তারা।
বনশ্রী সোসাইটির সভাপতি শাহাবুদ্দিন শিকদার বলেন, আমাদের এখানে বড়সড় একটি বাণিজ্যিক ভবন গড়ে উঠছে। এত বড় ভবনের লোকজন কোথা দিয়ে যাবে? আমাদের জায়গা আইনানুগ পদ্ধতিতে ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করছি। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে জায়গাটি ফেরত না পেলে সংশ্লিষ্ট আদালতে মামলা করা হবে।
শাহাবুদ্দিন শিকদার আরও বলেন, আমাদের কোনো বাড়ির মালিক বা তাদের কোনো সন্তান এই বাণিজ্যিক ভবনে হাত দেবে না। আমরা শক্তি প্রদর্শন করব না। আমরা আইনের পথে হাঁটব এবং আইনের পথেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করব।























