২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬
- আপডেট সময় : ০৮:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬
ঢাকা অফিসঃ
২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ মেলা ২৯ থেকে ৩১ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করছে। এবারের মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল এবং ২২০টির বেশি এক্সিবিটর অংশ নেবেন। এছাড়া ২৫০ জনের বেশি কোয়ালিফায়েড বায়ার, ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটর ও ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।
মেলায় চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে উপস্থিতি নিশ্চিত করেছে। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি অংশ নেবে বলে জানানো হয়েছে।
আয়োজকেরা বলছেন, মেলার মাধ্যমে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একই প্ল্যাটফর্মে আসার সুযোগ পাবে। এতে ব্যবসায়িক যোগাযোগ, ডেস্টিনেশন প্রমোশন এবং আন্তর্জাতিক পর্যটন অংশীদারত্ব বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।
এ ছাড়া প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে কনভয় সার্ভিস থাকবে।
আয়োজকদের দাবি, ১৩ বারের বেশি সফল আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন মেলাগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার লক্ষ্য রয়েছে।



















