লালপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও
- আপডেট সময় : ১০:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

লালপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও
তালিকা বাতিলে একদিনের সময় দিলেন থানা বিএনপি
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা জানান, সকাল ১১টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী ইউএনওর কক্ষে প্রবেশ করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে থানা বিএনপির নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় থানা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু বলেন, বুধবার (১২ আগস্ট) এর মধ্যে প্রকাশিত নিয়োগের তালিকা বাতিল করে মেধাবীদের নিয়োগ দিতে হবে। একই সঙ্গে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন তিনি।
এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, এবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিক্ষোভের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় এনটিভি অনলাইনের লালপুর প্রতিনিধি সজিবুল ইসলাম এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।
এ বিষয়ে এনটিভির লালপুর প্রতিনিধি সজিবুল ইসলাম বলেন, হামলাকারীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




















