অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
- আপডেট সময় : ০৫:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
এম এম মামুনঃ
স্ট্রোক করে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
এর আগে শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়মন। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, সকালে ঘুমের মধ্যে তিনি খাট থেকে পড়ে যান। পরে তার শরীর শক্ত হয়ে গেলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, সায়মন স্ট্রোক করেছেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সায়মনের সহপাঠী সৌরভ বলেন, “ঘুমের মধ্যে সে খাট থেকে পড়ে যায়। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন দ্রুত তাকে রামেক হাসপাতালে নিয়ে যাই। পরে সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, সে স্ট্রোক করেছে। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন এখানে সম্ভব না হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই শিক্ষার্থীর জন্য আইসিইউর ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি সায়মনের দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া কামনা করেন।


















