নলডাঙ্গায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পোনা মাছ নিধনের মহোৎসব
- আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পোনা মাছ নিধনের মহোৎসব
হালতিবিলসহ বিভিন্ন বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি ও বাদাই জালের অবাধ ব্যবহার
স্টাফ রিপোর্টারঃ
নাটোরের নলডাঙ্গায় হালতিবিলসহ বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি, বাদাই ও কারেন্ট জাল দিয়ে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার দাবি করা হলেও স্থানীয়দের অভিযোগ, অসাধু জেলেরা অনেকটা প্রকাশ্যেই এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের পোনা নিধন করে চলেছেন।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উপজেলার মাধনগরসহ বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে নিষিদ্ধ জাল নিয়ে হালতিবিলের বিভিন্ন অংশে চলে মাছ শিকারের আয়োজন। রাতভর এসব জাল পেতে মাছ ধরার পর ভোর হওয়ার আগেই ধরা মাছ বিভিন্ন বাজার ও আড়তে নিয়ে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ এসব জালে বড় মাছের পাশাপাশি পুঁটি, টেংরা, শোল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকা পড়ে। একই সঙ্গে বিভিন্ন জলজ প্রাণীও এসব জালে মারা যাচ্ছে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি হালতিবিলের জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
বিশেষ করে চায়না দুয়ারি জাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। মিহি ফাঁসের এ জালে একবার মাছ ঢুকলে বের হওয়ার সুযোগ থাকে না। ফলে নির্বিচারে ছোট-বড় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ছে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দীর্ঘমেয়াদে হালতিবিলসহ উপজেলার জলাশয়গুলোর মাছের প্রাকৃতিক উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে।
স্থানীয় বাসিন্দা পাভেল শেখ, রাশেদ আলম, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ অনেকে বলেন, হালতিবিলসহ উপজেলার বিভিন্ন বিলে নৌকা নিয়ে অসাধু জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন বাজার ও মাছের আড়তে এসব মাছ বিক্রি হয়ে যাচ্ছে। তাঁদের দাবি, অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হলেও অভিযান শেষ হওয়ার পর আবারও একইভাবে মাছ শিকার শুরু হয়। ফলে স্থায়ীভাবে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান এবং নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী বলেন, মৎস্য আইন বাস্তবায়নে অবৈধ জাল উচ্ছেদসহ বিভিন্নভাবে কার্যক্রম চালানো হচ্ছে। সম্প্রতি অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।























