প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই দেশ ফিরে পেয়েছি, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়তে হবে- নাটোরে পর্যটন মন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই দেশ ফিরে পেয়েছি, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়তে হবে- নাটোরে পর্যটন মন্ত্রী
নাটোর প্রতিনিধিঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমরা দীর্ঘ ১৭ বছর দুঃশাসন দেখে এসেছি। আমরা চেয়েছি গণতন্ত্রের দেশ, উন্নয়নের দেশ ও জনবান্ধব দেশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই দেশ ফিরে পেয়েছি। এখন আমাদের কাজ ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলাদেশকে গড়ে তোলা।
শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পাটুল বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে এলাকার জন্য এবং দেশের জন্য কাজ করতে হবে। আজকে যে মঞ্চে আমরা কথা বলতে পারছি, তা আপনাদের জন্য। আপনারা আমাদের একটি করে মূল্যবান ভোট দিয়ে এখানে দাঁড় করিয়েছেন। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন। এখন আমাদের দায়িত্ব আপনাদের দেখাশোনা করা, আপনাদের স্বপ্ন পূরণ করা এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ে দেওয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যেই তাদের দায়িত্ব দিয়েছেন। জনগণের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
নাটোরের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, একজন পর্যটক যদি এখানে বেড়াতে আসেন, তাহলে তার থাকার ব্যবস্থা করতে হবে-এটাই স্বাভাবিক। তার থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সারা বাংলাদেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে নিয়ে একটি মাস্টারপ্ল্যান করেছি। সেই পরিকল্পনার মধ্যে নাটোরের পর্যটন কেন্দ্রগুলোও থাকবে।
জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




















