বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিস্টের স্থান হবে না: নাটোরে হুইপ দুলু
- আপডেট সময় : ০৮:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিস্টের স্থান হবে না: নাটোরে হুইপ দুলু
নাটোর প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিস্টের স্থান হবে না।” বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হায়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৭ বছর যারা অবৈধভাবে দেশ শাসন করে দেশকে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ভারতে বসে শেখ হাসিনা নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন। তবে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
দুলু বলেন, “ষড়যন্ত্র-চক্রান্ত করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে, ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিস্টের স্থান হবে না।”
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম ও গণতান্ত্রিক রাষ্ট্র। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার স্বার্থে ভারত যেন শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় না দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ফেরত দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।















