মান্দায় ভেঙে পড়া কালভার্ট পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস ইউএনও’র
- আপডেট সময় : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৮৯ বার পড়া হয়েছে

মান্দায় ভেঙে পড়া কালভার্ট পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস ইউএনও’র
ইটবোঝাই ট্রাক্টর চলাচলের সময় ধস; বিচ্ছিন্ন পলাশবাড়ী গ্রামের যোগাযোগ
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে যাতায়াতের একমাত্র ছোট কালভার্টটি ভেঙে পড়ায় গ্রামটির সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার একটি ইটবোঝাই ট্রাক্টর কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় সেটি হঠাৎ ধসে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি বেহাল অবস্থায় থাকলেও বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কালভার্ট ধসে পড়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি ক্ষতিগ্রস্ত কালভার্ট ও সংযোগ সড়কের অবস্থা সরেজমিনে পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় গ্রামবাসী দ্রুত কালভার্ট সংস্কার এবং রাস্তা উঁচুকরণের দাবি জানান। ইউএনও দ্রুত সংস্কার এবং সংযোগ সড়ক উঁচু করে মেরামতের আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
গ্রামবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি ডুবে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছায়। ইউএনওর সরেজমিন পরিদর্শনে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শুরুর আশা ব্যক্ত করেছেন।























