রাণীনগরে মৎস্যজীবির বাড়িতে আগুন: দুই তলা ঘর ভস্মীভূত, ক্ষতি সাত লাখ টাকা
- আপডেট সময় : ০২:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

রাণীনগরে মৎস্যজীবির বাড়িতে আগুন: দুই তলা ঘর ভস্মীভূত, ক্ষতি সাত লাখ টাকা
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত; গ্রামবাসির দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক মৎস্যজীবির ইটের দুই তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের রজব আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে গ্রামবাসি এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু এরই মধ্যে আগুন পাশের আজাদ ও জহিরের বাড়ির কিছু অংশেও ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্রামবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে রজব আলীর দুই তলা টিনের চালা, ছয়টি কক্ষ, টিভি–ফ্রিজসহ গৃহস্থালির আসবাবপত্র, ধান–চালসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, “বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসি একযোগে এগিয়ে না এলে আরও বড় ক্ষতি হতে পারত।”
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত সেখানে রওনা দিই। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় আমরা মাঝ পথ থেকেই ফিরে আসি।” আগুন কীভাবে লেগেছে বা ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি।



















