রাণীনগরে বিদ্যুতের আগুনে পুড়ে গেছে দিনমজুর কালামের সবকিছু
- আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৩৬৬ বার পড়া হয়েছে

রাণীনগরে বিদ্যুতের আগুনে পুড়ে গেছে দিনমজুর কালামের সবকিছু
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামের আবুল কালাম, তিনি মৃত তায়েছ মণ্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নাগরনদীর বাঁধ সংলগ্ন এলাকায়।
ক্ষতিগ্রস্ত আবুল কালাম জানান, “বুধবার সকালে স্ত্রী-সন্তানদের নিয়ে মাঠে কাজে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই, আমার বাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে দেখি সবকিছু ছাই হয়ে গেছে। শুধু মাটির দেয়ালটুকু কালো হয়ে দাঁড়িয়ে আছে।”
আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গৃহস্থালির সরঞ্জামসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই দিনমজুর।
আবুল কালাম বলেন, “বাড়ি পুনর্নির্মাণ করতে অনেক টাকা দরকার। কিছু সহায়তা পেয়েছি জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার কাছ থেকে। তবে এখনো ঘর তুলতে আরও সহায়তা প্রয়োজন।”
এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, “আমরা আবুল কালামের কাছ থেকে আবেদন পেয়েছি। সরকারি সহযোগিতা প্রদানের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যেই তার পাশে দাঁড়ানো হবে।”




















