পঞ্চগড়ে বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৩ লাখ ৬২ হাজার শিশু
- আপডেট সময় : ০৪:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৩ লাখ ৬২ হাজার শিশু
সারা দেশের মতো পঞ্চগড়েও শুরু হতে যাচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রম। এ কর্মসূচির আওতায় জেলার ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হবে, যা চলবে ২০ কার্যদিবস। প্রথম ১২ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক টিকাদান হবে এবং পরবর্তী ৮ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের টিকা প্রদান করা হবে কমিউনিটি পর্যায়ে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি এ কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সিভিল সার্জন বলেন, “দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু ছড়ায়। সঠিক সময়ে চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই প্রতিরোধের সর্বোত্তম উপায় হচ্ছে টিকা গ্রহণ।”
তিনি আরও বলেন, “টিকা নিয়ে বিভিন্ন অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, যা প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
পঞ্চগড় জেলার ১,৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪৭ হাজার ২৫০ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১ লাখ ১৪ হাজার ৯২৭ জন শিশুকে ১,০৬২টি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাফাত বিন শাহ, এবং জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু। জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।




















