মাধনগর রেলস্টেশনে যাত্রী দুর্ভোগ কমাতে নানা দাবিতে স্মারকলিপি
- আপডেট সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

মাধনগর রেলস্টেশনে যাত্রী দুর্ভোগ কমাতে নানা দাবিতে স্মারকলিপি
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, বিল্ডিং নির্মাণ, যাত্রী ছাউনিসহ ওয়েটিং রুম, সাধারণ যাত্রীদের টয়লেট সুবিধা ও প্ল্যাটফর্ম সংস্কারের দাবিতে মাধনগরবাসী রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে মাধনগর রেলওয়ে স্টেশনমাস্টার মোঃ আব্দুল আওয়ালের মাধ্যমে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। এর আগে একই দাবিতে মাধনগরবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইয়ার আলী, রেজাউল ইসলাম, তাহমিদুর রহমান শৌমিক, সৈকত হোসেন, মাসুদ রানা প্রামানিক, দুলাল হোসেন, মুনজু প্রামানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্মারকলিপি সূত্রে জানা যায়, প্রতিবছর মাধনগর রেলস্টেশন থেকে বিপুল রাজস্ব আদায় হলেও যাত্রীসেবার মান আশানুরূপ নয়। বর্তমানে আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে মাত্র তিনটি- কুড়িগ্রাম, বাংলাবান্ধা ও তিতুমীর এক্সপ্রেস-এ স্টেশনে যাত্রাবিরতি দেয়।
বক্তারা বলেন, বরেন্দ্র, রূপসা, বুড়িমারী, একতা ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি দিলে পুঠিয়া, তাহেরপুর, বাগমারা, সিংড়া প্রভৃতি উপজেলার যাত্রীরা উপকৃত হবেন এবং সরকারের রাজস্বও বহুগুণে বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, স্টেশনে নতুন বিল্ডিং নির্মাণ, যাত্রী ছাউনি, ওয়েটিং রুম, টয়লেটের ব্যবস্থা ও প্ল্যাটফর্ম সংস্কারসহ নতুন প্ল্যাটফর্ম নির্মাণ এখন সময়ের দাবি।
স্মারকলিপি গ্রহণ করে মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আব্দুল আওয়াল বলেন, “ট্রেনের যাত্রাবিরতি ও অন্যান্য সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় মাধনগর রেলওয়ে স্টেশনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















