নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান
- আপডেট সময় : ০১:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান
নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ ঘটনায় ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা উপস্থিত থেকে ককটেলগুলো উদ্ধার করেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নলডাঙ্গা থানার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাদের নির্দেশনায় এসআরবির সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।
তবে কে বা কারা ককটেলগুলো সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরিমূলে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।






















