লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী
- আপডেট সময় : ০৭:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী
সিরাজীপুরের সুপার ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতের ঘটনা, হাসপাতালে নেওয়ার পর শ্রমিকের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের সিরাজীপুর গ্রামের “সুপার” নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন এসকেন আলী ভোলা (৬৫), তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আদু আলীর ছেলে। আহতরা হলেন শাপলা খাতুন (৩০), স্বামী ফিরোজ শেখ, সাং- জোতদৈবকী এবং সুফিয়া খাতুন (৫০), একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘলা থাকার পর হঠাৎ বজ্রপাত হলে ইটভাটায় কর্মরত শ্রমিকদের ওপর বজ্রপাত আঘাত হানে। এতে এসকেন আলী ভোলা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত হন আরও দুই নারী শ্রমিক। পরে ভাটার অন্যান্য শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শাপলা খাতুনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লালপুর থানা-এ একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















