সাপাহারে জবাই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

সাপাহারে জবাই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে আলোচনা সভা
পরিযায়ী পাখির নিরাপদ আবাস ও জলজ সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবাই বিল-এর প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জবাই বিলের বর্তমান অবস্থা, পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং বিলের জলজ সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই জলাভূমি সংরক্ষণ করা স্থানীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জবাই বিল আমাদের এলাকার প্রাণ। এর জীববৈচিত্র্য রক্ষা করতে হলে স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রশাসন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই বিলের সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে ইউএনও রোমানা রিয়াজ জানান, বিলের পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। অবৈধভাবে পাখি শিকার বা পরিবেশ দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















