রাজশাহী সিটি কলেজে শিবির–ছাত্রদল হাতাহাতি: নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কলেজে শিবির–ছাত্রদল হাতাহাতি: নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীদের মানববন্ধন
ক্যাম্পাসে আতঙ্ক, তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি সাধারণ শিক্ষার্থীদের
রাজশাহী সিটি কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া হাতাহাতির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবারের ন্যাক্কারজনক ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ক্লাসে আসেননি। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাবান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার দুপুরে, যখন ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




















