রাণীনগরে রেলগেটের যানজট নিরসনে আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৪৩৯ বার পড়া হয়েছে

রাণীনগরে রেলগেটের যানজট নিরসনে আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন
দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিলেন এলাকাবাসী
নওগাঁর রাণীনগরের দীর্ঘদিনের ভোগান্তি রেলগেটের যানজট নিরসনের দাবিতে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার রেলগেট এলাকায় উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমির ডা. আনজীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, রাণীনগর রেলগেটটি নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি স্থান। প্রতিদিনই এই পথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভারী যানবাহনসহ হাজারো মানুষ চলাচল করে। ট্রেন চলাচলের সময় গেট বন্ধ থাকলে দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়, যা ঘন্টার পর ঘন্টা স্থায়ী হয়।
বক্তারা আরও বলেন, “বছরের পর বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় রেলগেটটি এখন লাখো মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। দ্রুত আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে এলাকাবাসী বাধ্য হবে রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে যেতে।”
মানববন্ধনে উপজেলার হাজারো সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।



















