রাণীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

রাণীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


















