রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ১২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির সদস্যরা। বুধবার (১২ নভেম্বর) রাণীনগর উপজেলা ইট ভাটা মালিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার মেসার্স শাহী ফিলিং স্টেশন প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ। সমিতির সকল সদস্য ছাড়াও শত শত ভাটা শ্রমিক এতে অংশ নেন। পরে একটি মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে উপজেলার বাইরে ইট ভাটা পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ভাটায় প্রায় দুই শতাধিক শ্রমিকের জীবিকা জড়িত। ভাটা বন্ধ থাকলে এসব শ্রমিক ও মালিক পরিবারগুলো বিপাকে পড়বে।
সমিতির সদস্য আবু বক্কর বলেন, “চলতি মৌসুমের জন্য প্রতিটি ভাটায় লাখ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এখন ভাটা বন্ধ রাখলে আমরা পথে বসব। সরকার যেন ভাটা চালুর অনুমতি দেয়।”
সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করেন, “২০১৬ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট নবায়ন করলেও এরপর আর তা করা হয়নি। নবায়নের আবেদন থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো অভিযান চালানো হচ্ছে, যা মালিকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে।”
সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ বলেন, “দেশের লাখ লাখ ভাটা শ্রমিকের পেটে লাথি মারা হলে তারা চুপ করে বসে থাকবে না। সরকার যেন বিকল্প উপায়ে ইট প্রস্তুতের সুযোগ দেয়, নইলে শ্রমিকদের সঙ্গে নিয়ে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”


















