রাঙ্গামাটিতে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ২১২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত! আসন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবরদান উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের সাথে চীবরদান উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে কঠিন চীবরদান উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে কঠিন চীবরদান উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার)।
সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন কঠিন চীবরদান অনুষ্ঠান ২০২২ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিবি এবং ডিএসবি অনুষ্ঠানস্থলে দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানস্থলের প্রতিটি ভেন্যুতে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। মহিলা ও পুরুষের জন্য আলাদাভাবে প্রবেশ এবং বাহিরের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনাকাঙ্খিত ঘটানারোধে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। সন্দেহজনক কাউকে দেখা গেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আপনারা আমাদেরকে যতবেশি তথ্য দিয়ে সহযোগিতা করবেন ততবেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কঠিন চীবরদান উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















