মহাদেবপুরে ফেসবুকে তরুণীর আপত্তিকর ছবি ছাড়ায় যুবক গ্রেফতার!
- আপডেট সময় : ০৪:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে

মহাদেবপুরে ফেসবুকে তরুণীর আপত্তিকর ছবি ছাড়ায় যুবক গ্রেফতার!
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে ফেসবুকে তরুণীর আপত্তিকর ছবি ছাড়ায় যুবক গ্রেফতার! নওগাঁর মহাদেবপুরে ফেসবুকে এক তরুণীর (২২) আপত্তিকর ছবি আপলোড করার দায়ে মহাদেবপুর থানা পুলিশ রাজু আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতার রাজু উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দনারায়নপুর গ্রামের হায়দার আলী মন্ডলের ছেলে।
নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৮ সালে মাস্টার্স পাশ করা ওই তরুণীর বোন জানান, কলেজে পড়ার সময় তার বোনের সাথে রাজু প্রেমের সম্পর্ক গড়ে তোলে ও মোবাইলফোনে তার কিছু ছবি তুলে রাখে। ছবিগুলো সুপার এডিট করে অশ্লীলভাবে তৈরি করে ম্যাসেঞ্জারে পাঠিয়ে তার বোনকে কুপ্রস্তাব দেয়। এতে তার বোন রাজি না হলে কয়েকটি ছবি রাজু তার নিজের ফেসবুক একাউন্টে পোষ্ট করে। এছাড়া বেশ কিছু ছবি তার ছোট ভাইয়ের মোবাইলে পাঠিয়ে তাকেও নানান হুমকি দেয়।
রোববার (১৭ জুলাই) দিবাগত রাতে এব্যাপারে তিনি বাদি হয়ে মহাদেবপুর থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, রাতেই অভিযুক্ত রাজুকে নওহাটা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার মোবাইলফোন জব্দ করা হয়েছে। সেখানে ওই তরুণীর সুপার এডিট করা অশ্লীল ছবি পাওয়া গেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
















