বাগাতিপাড়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু!
- আপডেট সময় : ০৫:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু! নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে আজব আলী সরকার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা এলাকার ভুঁইয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আজব ওই গ্রামের মৃত পাঁচু সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে আজব আলী গরুর জন্য ঘাস কাটাতে মাঠে গেলে সেখানে তাকে বিষধর সাপে কামড় দেয়। সাপের কামড় টের পেয়ে তিনি সেখান থেকে দ্রুত বাড়িতে এসে পরিবারের লোকজনদের বিষয়টি জানান। এ সময় পরিবারের সদস্যরা তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান আজবের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার। পরে এদিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আজবের বড় ভাই ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফজাল হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপযুক্ত চিকিৎসা দেয়া হলে হয়তো তার ভাই বেঁচে যেতো। কিন্তু রাজশাহী নিতে অনেক সময় লাগাতে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ বিষয়ে বলেন, বিষধর সাপের কামড় হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
















