বাগাতিপাড়ায় বর্তমান এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন সাবেক এমপির সমর্থকের, এলাকায় উত্তেজনা!
- আপডেট সময় : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১১৯৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বর্তমান এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন সাবেক এমপির সমর্থকের, এলাকায় উত্তেজনা!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্য এর সমর্থকরা পাল্টাপাল্টি ভিন্ন কর্মসূচী দেয়ায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চি রেল গেটের পূর্ব পাশে বর্তমান সংসদ সদস্য আবুল কালামের পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের সমর্থকরা। অন্যদিকে ওই রেল গেটের অদূরে মালঞ্চি হাটের সেট এলাকায় কর্মী সমাবেশ করেছে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সমর্থকরা। এতে করেই মালঞ্চি এলাকায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশ সেই উত্তেজনা কে বাড়তে দেয়নি।

দলটির একাংশ সূত্রে জানা গেছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ভাইরাল হওয়া সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য আবুল কালাম কালাম মহান স্বধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুর্নীতিকরে ভোটের এক কোটি ২৬ লাখ টাকা খরচ তোলার ঘোষণা দিয়েছেন। এতে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, প্রকাশ্যে দুর্নীতিকরে ভোটের খরচ তোলার ঘোষণার মাধ্যমে তা তিনি ভঙ্গ করেছেন।
বক্তারা আরও বলেন, সেই সাথে সংসদ সদস্য হিসেবে তিনি যে শপথ নিয়েছেন তার এ বক্তব্যের মাধ্যমে তাও তিনি ভঙ্গ করেছেন। তারই প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি। আগামীতেও এমন আরও কর্মসূচী করা হবে বলে হুশিয়ারি দিয়ে আবুল কালামের সংসদ সদস্য পদ বাতিলের জন্য নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানান মানববন্ধনের বক্তারা।

অপরদিকে একই সময়ে মালঞ্চি বাজার হাটের সেট চত্বরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম এর সমর্থকরা কর্মী সমাবেশ করেছে। উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি বাবু সুকুমার মূখার্জীর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের আরেক অংশের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা রেলগেট এলাকায় যেতে লাগলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তা প্রতিরোধ করে মিছিলটি ঘুরিয়ে দেয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান এ বিষয়ে জানান, একই দিনে একই সময়ে আওয়ামীলীগের দুই পক্ষের কর্মসূচিতে থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দুই পক্ষেরই কর্মসূচী শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য গত ২৬ মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্দা আবুল কালাম বলেছিলেন, নির্বাচনে এক কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এটা আমি তুলব, যেভাবেই হোক। এটুক অন্যায় আমি করবোই। আর করব না।










