বড়াইগ্রামের যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

বড়াইগ্রামের যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার
নাটোরের বড়াইগ্রামের নিজ ঘর থেকে ওয়ার্ড যুবদল নেতা আয়নাল হকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মাঁঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ীর শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়নাল হক ওই এলাকার আব্দুল জলিলের ছেলে ও মাঁঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, যুবদল নেতা আয়নাল হক এই বাড়ীতে একাই বসবাস করতেন। গত ৩/৪ দিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। শনিবার সকালে আয়নাল হকের বাড়ীর ভিতর থেকে পঁচা দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ২/৩ দিন আগে স্ট্রোক করে ঘরের মধ্যে পড়ে গিয়ে মারা যেতে পারেন তিনি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।


















