নাটোর যানজট মুক্ত ও পরিস্কার রাখতে নিজের কাঁধে দায়িত্ব নিলেন শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে

নাটোর যানজট মুক্ত ও পরিস্কার রাখতে নিজের কাঁধে দায়িত্ব নিলেন শিক্ষার্থীরা
নাটোর শহরকে যানজট মুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড়ে জাতীয় পতাকা শরীরে জড়িয়ে যানবাহন গুলো শৃংখল ভাবে চলাচলে সহযোগিতা করছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, সাড়া দেশে পুলিশ কর্ম বিরতি পালন করছেন। ফলে শহর গুলোর ট্রাফিকিং ব্যবস্থা নেই। শহরের হরিশপুর, মাদ্রাসা মোড়, ট্রাফিক মোড় স্টেশন ও বেলঘড়িয়া বাইপাসের প্রধান সড়ক গুলোর শৃংখলা ফেরাতে রোভার স্কাউটসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব উদ্যেগে শহরকে যানজট মুক্ত এবং পরিস্কার রাখার দায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এই কাজে তারা প্রায় তিন শতাধিক সাধারন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
সমন্বয়ক আরো জানান, যতদিন ট্রাফিক পুলিশ তাদের কর্মে না ফিরবেন তত দিন পর্যন্ত তারা শহরের সড়কের শৃংখলা ঠিক রাখতে কাজ করে যাবেন।
সরেজমিনে দেখা যায়, ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের ঝাড়ু হাতে নিয়ে সড়ক পরিস্কার করছেন। এ সময় শিশু শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
















