টাঙ্গাইলে হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার
স্বামীর ফোনে সাড়া না পেয়ে খোঁজ; নিজ বাসা থেকে উদ্ধার মরদেহ, হত্যাকাণ্ডের আশঙ্কায় তদন্তে পুলিশ
টাঙ্গাইল শহরের শিবনাথপাড়া এলাকায় হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলম (৫১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে নিজ বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমা আলম ওই এলাকার ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলম শাহীনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পর শফিউল আলম একাধিকবার স্ত্রীকে মোবাইল ফোনে কল করলেও কোনো সাড়া পাননি। পরে তিনি এক সাবেক ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন। ভাড়াটিয়ার মাধ্যমে খোঁজ নিয়ে বাসার তৃতীয় তলায় গিয়ে পরিবারের সদস্যরা নাজমা আলমকে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।



















