লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার
আগের অভিযানে পাঁচটি মোবাইল ফোন, ২৪টি সিম কার্ড ও মোটরসাইকেল জব্দের কথা জানিয়েছে পুলিশ
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং-সংক্রান্ত মামলায় পলাতক আসাদুল ইসলাম (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুল ইসলাম উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মৃত চয়ন প্রামাণিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ভোর ৫টা ৫ মিনিটে লালপুর থানার এসআই মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল মহারাজপুর মধ্যপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অভিযোগে মারুফ আলী ওরফে সিজান (১৯) এবং ইমন ইসলাম (২২) নামে দুজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং প্রতারণার অর্থ দিয়ে কেনা হয়েছে বলে দাবি করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ওই মামলার আরেক আসামি আসাদুল ইসলাম অভিযানের সময় পালিয়ে যান। পরে ৫ নভেম্বর বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি আরও জানান, শুক্রবার (৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।





















