বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজন
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) ১৬তম ব্যাচের (৪র্থ বর্ষ) এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি কদমতলা মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
পরে ক্যাম্পাস প্রাঙ্গণে সবাই মিলে বৃক্ষরোপণ করেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীসহ সবার সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
এর আগে বুধবার (৪ নভেম্বর) শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম নুসরাত ইকরা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এতে বাউয়েট কালচারাল ক্লাবের পাশাপাশি ‘অ্যাভয়েড রাফা’ ব্যান্ড দল সংগীত পরিবেশন করে।
ব্যান্ডটির ভোকালিস্ট রায়েফ আল হাসান রাফা ‘আমি আকাশ পাঠাবো’, ‘চলো আরেকবার উড়ি’ ও ‘তুমি ডাকলেই ফিরবো’সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, ইসিএসএমই; কাদিরাবাদ সেনানিবাসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), বিজ্ঞান ও মানবিক এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।
এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা।





















