বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা
- আপডেট সময় : ০৬:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছে। অনুমোদিত ১১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ছয়জন। এর মধ্যে দুজন ডেপুটেশনে থাকায় নিয়মিত দায়িত্ব পালন করছেন মাত্র চারজন। প্রায় পাঁচ বছর ধরে এ সংকটের কারণে মাঠপর্যায়ে প্রাণিসম্পদ সেবা দিতে হিমশিম খাচ্ছে দপ্তরটি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছোট-বড় প্রায় ১২ হাজার খামারি রয়েছেন। তাদের চিকিৎসা, টিকাদান, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় এসব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
দপ্তর সূত্র আরও জানায়, ড্রেসার পদে কর্মরত আসাদুজ্জামান প্রায় ছয় মাস ধরে রাজশাহীতে এবং ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত একজন প্রায় এক বছর ধরে ঢাকায় ডেপুটেশনে রয়েছেন। ফলে কাগজে ছয়জন থাকলেও বাস্তবে দপ্তরে দায়িত্ব পালন করছেন চারজন।
বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন খামারি ও পশুপালক চিকিৎসা ও পরামর্শ নিতে আসেন। সীমিত জনবল দিয়ে তাদের পাশাপাশি মাঠপর্যায়ের টিকাদান, রোগ প্রতিরোধ, খামারি প্রশিক্ষণ ও বাড়ি বাড়ি সেবা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। জনবল সংকটের বিষয়টি মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, কৃত্রিম প্রজনন (এআই) কার্যক্রমে প্রয়োজনীয় জনবল থাকায় এ সেবায় বর্তমানে সমস্যা হচ্ছে না। শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হলে খামারিদের আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।


















