নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত
- আপডেট সময় : ১১:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইউনুস আলী মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর উপজেলার ভাটরা গ্রামের মৃত গোবর্ধনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস আলী মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ফেরার পথে চাঁদপুর বাজার সংলগ্ন মহাসড়কে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং চালক স্বপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অ্যাম্বুলেন্স থেকে স্বপন চন্দ্রের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ২০-১০৭১ এবং অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ছ ৭২-৪৫৪৭ বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের চালকের মরদেহ উদ্ধার করেন।
পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পবা হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। তবে ট্রাকটির চালক বা সংশ্লিষ্ট কাউকে এখনো আটক করা যায়নি।























