মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড়
- আপডেট সময় : ০৯:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড়
মৃত ব্যক্তিকে আসামি করায় প্রশ্নবিদ্ধ তদন্ত প্রক্রিয়া, সমালোচনার ঝড়
রাজশাহীতে মৃত্যুর চার বছর পর একটি বিস্ফোরক মামলায় মো. সনি (১৮) নামের এক তরুণকে আসামি করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।
জানা গেছে, গত ২৩ এপ্রিল রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মো. সনি নামের এক তরুণকে। তবে খোঁজ নিয়ে জানা যায়, সনি চার বছর আগেই মারা গেছেন।
নিহত সনির বাবা রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মহানগর শ্রমিক দলের আহ্বায়ক। সাম্প্রতিক বিরোধের জেরে ২২ এপ্রিল শ্রমিকদের একাংশ তাকে লাঞ্ছিত করে এবং ইউনিয়ন কার্যালয়ে তালা দিয়ে নিয়ন্ত্রণ নেয়। পরদিন ২৩ এপ্রিল বিকেলে পাখি তার অনুসারীদের নিয়ে কার্যালয় পুনর্দখলের চেষ্টা করলে বোমাবাজির ঘটনা ঘটে। এ সময় ৮ থেকে ১০টি হাতবোমার বিস্ফোরণ এবং আশপাশের কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনার পর ২৪ এপ্রিল নগরীর বোয়ালিয়া থানায় উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে এক মামলায় মৃত সনিকেও আসামি করা হয়, যা নিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩ জুলাই নিজের জন্মদিনেই সনিকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে ২০২৪ সালের ১২ মার্চ আদালত এ হত্যাকাণ্ডের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “আমরা নিয়মিত বদলির মধ্যে থাকি, সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না। পরে জানতে পেরেছি, মামলার এক আসামি মৃত। এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, বোমাবাজির ঘটনায় দায়ের করা দুই মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি পলাতক রয়েছেন।
এদিকে, পাখির গ্রেপ্তার ও পদত্যাগের দাবিতে সোমবার সকালে নগরীর ভদ্রা মোড়ে মানববন্ধন করেছেন প্রতিপক্ষ শ্রমিকরা। তারা দ্রুত মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ারও দাবি জানান।
অন্যদিকে, গ্রেপ্তারকৃত আসামি নিজাম উদ্দিনের মুক্তির দাবিতে পাখির সমর্থকরাও নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আইনজীবী ও সচেতন মহলের মতে, কোনো মৃত ব্যক্তিকে মামলায় আসামি করা তদন্তের বড় ধরনের ত্রুটি এবং এটি বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। তারা এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।




















