পঞ্চগড়ে করতোয়া নদী পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- আপডেট সময় : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে করতোয়া নদী পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
ভাঙনরোধে বাঁধ নির্মাণ ও ২৫ কিলোমিটার খননের পরিকল্পনা, জুনে শুরু হতে পারে প্রথম ধাপ
পঞ্চগড়ে করতোয়া নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের পূর্বঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর চর এলাকা, বিশেষ করে ময়নামতি চর সংলগ্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদীপথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে। এসব এলাকা রক্ষায় নদীতে ব্লক বসিয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা জোরদারেও এটি ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, খাল খনন ও নদী ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। তিনি উল্লেখ করেন, ময়নামতি চরকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। চর এলাকাকে ভাঙন থেকে রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, আগামী জুনের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।




















