দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে

দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৭ আগষ্ট) দুপুরে দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সমন্বয়ক একরামুল হক আবির।
তিনি তার লিখিত বক্তব্যের শুরুতেই স্বরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহান সকল বীর শহীদ ও আহতদের যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারী ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এরপর তিনি এই বিজয় সকল শহীদ, আহত ও সাধারণ জনগণকে উৎসর্গ করেন এবং দিনাজপুরের সাধারণ জনগণ যারা এই ভয়াল রাতগুলোতে আশ্রয় দিয়েছিল, আইনজীবী, শিক্ষকসহ সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। লিখিত বক্তব্যে সমন্বয়ক আরও উল্লেখ করেন, বিজয় অর্জনের সাথে সাথে একদল কুচক্রী মহল নানা রকম প্রোপাগান্ডা চালাতে তৎপর। সাথে এ বিজয়কে ধুলিসাৎ করার প্রচেষ্টায় মগ্ন।
এ অবস্থায় সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বিভিন্ন মন্দির, ধর্মীয় উপাসনালয়, হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন করতে যাতে সুযোগ না পায় সে বিষয়ে আমরা নানা রকম কর্মসূচি ও এলাকা ভিত্তিক কমিটি গঠন করেছি। সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থী ও সর্বসাধারণদের এ বিষয়ে সচেতন ও অপতৎপরতা রুখতে সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই।
সমন্বয়ক আরও জানান, সংসদ ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিখ্যাত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে ঘোষণা করা হয়েছে। সুতরাং খুব শিঘ্রই দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আমরা প্রত্যাশা করি। তাই আগামী বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার নাম উল্লেখপূর্বক ৩২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।



















