লালপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যার মৃত্যু
- আপডেট সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

লালপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যার মৃত্যু
নাটোরের লালপুরে স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী মা রুবিনা খাতুন ও তার ৩ বছরের শিশু কন্যা রোকেয়া খাতুন রোকাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা তিনখুঁটি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবিনা খাতুন উপজেলার উধনপাড়া গ্রামের মাহাবুব আলম বিজনের স্ত্রী ও রোকেয়া খাতুন রোকাইয়া তার শিশু কন্যা। এ ঘটনায় মাহাবুব আলম বিজন ও ইজিবাইক চালক সাজু আহত হন। নিহত রুবিনা খাতুন উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়া পদে কর্মরত ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাহাবুব আলম বিজন তার স্ত্রী রুবিনা ও শিশু কন্যা রোকাইয়াকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে চিকিৎস্যা করে নিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা তিনখুঁটি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় রুবিনা ও শিশু রোকাইয়া ইজিবাইক থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বিজন ও ওই ইজিবাইক চালক সাজু আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালে চিকিৎসা করান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে লালপুর থানা পুলিশ গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ঢাকা মেট্রো চ-১১-৯০৪৩ রেজিস্ট্রেশন নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তবে মাইক্রোবাসটির চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। ওসি আরও জানান, মাইক্রোবাসটি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এ ঘটনায় নিহতের দেবর তোফাজ্জল হোসেন বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মা ও শিশু কন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে চলছে আহাজারি এবং গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




















