লালমনিরহাট সীমান্তে বিএসএফের গু/লি/তে বাংলাদেশি যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গু/লি/তে বাংলাদেশি যুবকের মৃত্যু
হাতীবান্ধার আমঝোল সীমান্তে গভীর রাতে গুলিবর্ষণ, নিহত খাদেমুলকে নিয়ে এলাকায় উত্তেজনা; মাছ শিকার নাকি চোরাকারবার—ভিন্নমত স্থানীয়দের
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, খাদেমুল মাছ শিকার করতে নদীর পাড়ে গিয়েছিলেন। এসময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। তারা সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের গতিবিধি নিয়ে বিএসএফের টহল জোরদার ছিল। তবে নিহত ব্যক্তি কোনো চোরাচালান কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তে প্রায়ই গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে।



















