রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ২৯৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রীর স্মরণে বিশেষ মোনাজাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমীন, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, সহ-সভাপতি শামীম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।














