রাণীনগরে অসহায়দের মাঝে জিআর চাল ও কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ
- আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

রাণীনগরে অসহায়দের মাঝে জিআর চাল ও কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ
১ হাজার পরিবার পেল ৩০ কেজি করে চাল, প্রায় ৪ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নওগাঁর রাণীনগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে জিআর চাল এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
পরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এসএম রেজাউল ইসলাম রেজু বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এ কার্যক্রম সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।













