তেঁতুলিয়ার ইউএনওকে নিয়ে ফেসবুক লাইভ: অভিযোগকারী নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
- আপডেট সময় : ১০:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

তেঁতুলিয়ার ইউএনওকে নিয়ে ফেসবুক লাইভ: অভিযোগকারী নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা
ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা মেলেনি, তদন্ত চলছে: জেলা প্রশাসন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভ করা অভিযোগকারী নারী রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে তেঁতুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় রেহেনা বেগম উর্মিকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মনোয়ার, যিনি তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত। তবে এ বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, সাইবার সুরক্ষা আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু জানান, গত সোমবার অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। একই দিন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
এর আগে অভিযোগকারী রেহেনা বেগম উর্মি দাবি করেন, গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরে ইউএনওর বদলির খবর জানতে পেরে তিনি টাকা ফেরত চাইলে বিষয়টি অস্বীকার করা হয়। এরপর তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন, তিনি অভিযোগকারী নারীকে চেনেন না। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি আগেই বাতিল করা হয়েছিল এবং অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও ছিল না।
উল্লেখ্য, গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।












