পঞ্চগড়ের জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে অনার্স কোর্স চালু
- আপডেট সময় : ১০:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে অনার্স কোর্স চালু
বাংলা, ইংরেজি, ইতিহাসসহ ৭ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালুর অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয়
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ভূগোল এবং অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু করা হবে।
১৯৯০ সালে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি একই সময়ে সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে অনার্স কোর্স চালুর দাবি জানানো হচ্ছিল। সরকারের পরিবর্তনের পর পুনরায় আবেদন করা হলে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টি যাচাই-বাছাই করে অনুমোদন দেয়। ২০২৫ সালের এপ্রিল মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এরপর গত ১০ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অনার্স কোর্স চালুর চূড়ান্ত অনুমোদন দেয়।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মজিদ বলেন, “পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অপেক্ষার পর অনার্স কোর্স চালু হয়েছে। এখন প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর ফলে এলাকার অনগ্রসর, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে।”



















